জেএমবির তিন নারী সদস্যের আদালতে জবানবন্দি
সিরাজগঞ্জে পুলিশের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নজরুল ইসলামের কাছে জবানবন্দি দেন তাঁরা।
জবানবন্দি দেওয়া তিন জেএমবি সদস্য হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের দুই বোন সাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং তাঁদের প্রতিবেশী রাজিয়া বেগম (৪৫)। তবে দুই বোনের মা ফুল্লেরা বেগমের জবানবন্দি গ্রহণ করা হয়নি বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি মো. ওহেদুজ্জামান।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তিনজনকে আদালতে হাজির করা হলে তাঁরা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। জবানবন্দিতে তাঁরা আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করার কথাও স্বীকার করেছেন। পরে আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। আগামী ৬ অক্টোবর তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, জবানবন্দিতে জেএমবির তিন সদস্য সংগঠনের বেশ কিছু নতুন সদস্যের নাম বলেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।
গত সোমবার ভোরে কাজিপুরের পশ্চিম বড়ইতলা গ্রাম থেকে জেএমবির আত্মঘাতী দলের সদস্য মা, দুই মেয়েসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।