জেএমবির তিন নেতার ১৪ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন নেতাকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফউজুল আজিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জেএমবির নারায়ণগঞ্জ জেলা কমান্ডার জিয়াউর রহমান তানভীর, সংগঠনের এহসার সদস্য রফিকুল ইসলাম সোয়েব ও জিয়াউল ইসলাম উবায়দা। গ্রেপ্তারের পর প্রায় সাত বছর পর গতকাল রায় দেওয়া হয়।নারায়ণগঞ্জে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি জেসমিন আহমেঞ্চদ সাংবাদিকদের জানান, ২০০৫ সালের ২৭ ডিসেম্বর সদর উপজেলার ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার একটি বাড়ি থেকে জেএমবির এহসার সদস্য রফিকুলকে শক্তিশালী বিস্ফোরক তৈরির উপাদান অ্যামোনিয়াম নাইট্রেটসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেওভোগ থেকে জেলা জেএমবির কমান্ডার জিয়াউর ও এহসার সদস্য জিয়াউলকেও অ্যামোনিয়াম নাইট্রেটসহ গ্রেপ্তার করা হয়। জেসমিন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই ২০০৬ সালের ৩ জানুয়ারি নারায়ণগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও সংগঠনের সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির নির্দেশে তাঁরা দেশব্যাপী বোমা হামলায় অংশ নেন এবং বিভিন্ন স্থানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।মামলায় শায়খ আবদুর রহমান ও আতাউর রহমানকেও আসামি করা হয়েছিল। কিন্তু মামলার অভিযোগপত্র প্রদানের আগেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁদের দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন এপিপি জেসমিন আহমেঞ্চদ।