জেএমবির তিন সদস্য গ্রেপ্তার
র্যাব সদস্যরা নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গত বুধবার ঢাকা ও এর বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্যরা হলেন মোকলেছুর রহমান ওরফে সুমন (৩৪), আনোয়ার জাহিদ ওরফে জাহিদ হাসান ওরফে সেতু (৩১) ও নূর মোহাম্মদ রায়হান আল মামুন (৩০)।র্যাব কর্মকর্তারা জানান, মোকলেছুর রহমান ও আনোয়ার জাহিদ ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার পলাতক আসামি। গত বুধবার রাতে বাড্ডা থেকে মোকলেছুর রহমান এবং ওই দিন রাতে মিরপুর থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আগারগাঁও থেকে আনোয়ার জাহিদকে গ্রেপ্তার করে র্যাব। জাহিদ ময়মনসিংহের মুক্তাগাছার রফিক মাস্টার হত্যা মামলার পলাতক আসামি বলে র্যাব জানিয়েছে।র্যাব সূত্র জানায়, র্যাবের জিজ্ঞাসাবাদে জঙ্গি মোকলেছুর রহমান বলেছেন, ২০০০ সালে তিনি জেএমবিতে যোগ দেন। ২০০১ সালের শেষের দিকে তিনি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যান এবং সেখানে দুই মাস প্রশিক্ষণ নেন।