জেএমবির তিন সদস্য গ্রেপ্তার
ঢাকা ও ধামরাই থেকে গত দুই দিনে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন: ফারুক হোসেন ওরফে কসাই ফারুক (৩৯), আবুল হোসেন (২৭) ও আবদুল গফফার (২৯)।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই তিনজন ২০০৫ সালের ১৭ আগস্টে দেশব্যাপী বোমা হামলার ঘটনায় দায়ের করা কয়েকটি মামলার আসামি। তাঁদের মধ্যে ফারুকের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। তাঁর বিরুদ্ধে সাভার ও ময়মনসিংহের ফুলবাড়ী থানার চারটি মামলা রয়েছে। তিনি জামিন পেয়ে ১৯ নভেম্বর কারাগার থেকে মুক্তি পান। তাঁকে গত শনিবার বিকেলে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।র্যাব জানায়, একই দিন জেএমবির আরেক সদস্য আবুল হোসেনকে ঢাকার কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানার তিনটি মামলার আসামি। অপর জেএমবি সদস্য গফফারকে গতকাল রোববার সকালে পল্লবীর রূপনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব দাবি করে।