জেএমবির তিন সদস্যের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক আইনের একটি মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালত ৭-এর বিচারক মোসাম্মত কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল্লাহ আল নাঈম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়বুর রহমান (৩০)।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহম্মেদ জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র‌্যাব-১১-এর একটি দল টাঙ্গাইলের বাইপাস এলাকা থেকে ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য, পাওয়ার জেল, হ্যান্ড গ্রেনেড বডিসহ জেএমবির সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৭ সালের ৭ জানুয়ারি র‌্যাব সাইফুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেন এবং তাঁর অপর সহযোগীদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ থাকার কথা জানান। পরে তাঁকে সঙ্গে নিয়ে র‍্যাব নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তৈয়বুর রহমানের বাড়িতে যায়। তখন তৈয়বুর রহমান জানান, তিনি অস্ত্রগুলো তাঁর সহযোগী আবদুল্লাহ আল নাঈমের বাড়িতে রেখেছেন। পরে র‌্যাব ওই দুজনকে নিয়ে রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় গিয়ে নাঈমের বাসার খাটের নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ওই ঘটনায় ২০০৭ সালের ৭ জানুয়ারি র‌্যাবের ডিএডি আবদুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে ওই রায় দেন।

জাসমিন আহম্মেদ আরও জানান, এর আগে টাঙ্গাইলের একটি মামলায় আসামি জেএমবির সদস্য সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলায় ১২ বছরের কারাদণ্ড ও অপর একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।