জেএমবির তিন সদস্যের ১৫ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মো. সালাউদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় আদালত অপর তিন আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দেন।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। এ ছাড়া আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তিনজনকে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: জেএমবির প্রধান সমন্বয়কারী ও সামরিক বিশেষজ্ঞ মোহতাসিম বিল্লাহ ওরফে নাসির, এহসার সদস্য মমিন ভূঁইয়া ওরফে মিজান ও মঈন উদ্দিন ওরফে ময়েজ। রায়ে বলা হয়, ‘আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে সক্ষম হওয়ায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হলো। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া গেল।’মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুর থানার কোনাবাড়ী আমবাগানের দক্ষিণ মধ্যপাড়ার শামসুল হকের ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে দুটি গ্রেনেড, ধর্মভিত্তিক বই ও সিডি উদ্ধার করা হয়।