টাঙ্গাইলের ডুবাইল গ্রামে দুর্বৃত্তদের চাপাতির কোপে দরজি নিখিল জোয়ারদারের নিহত হওয়ার ঘটনায় জামিনে মুক্ত চার জেএমবি সদস্যসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলছেন না তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে গত চার দিনেও ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি পুলিশ। তবে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, প্রাথমিক তদন্তে তাঁরা যা পেয়েছেন, তাতে জেএমবি সদস্যরাই ঘটনাটি ঘটিয়েছেন বলে তাঁরা মনে করছেন। এ কারণে বিভিন্ন মামলায় নানা সময়ে গ্রেপ্তার হওয়া জেএমবির যেসব সদস্য বর্তমানে জামিনে রয়েছেন, তাঁদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। বিভিন্ন মামলায় টাঙ্গাইল এলাকার যেসব জঙ্গি বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁদের পরিবারের সদস্যরাও সন্দেহের তালিকায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মোট কতজনকে আটক করা হয়েছে—এ বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট কিছু না বললেও প্রথম আলো অন্তত ১০ জনকে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছে। আটক হওয়া চার জেএমবি সদস্য হলেন মীর সাদিকুজ্জামান ওরফে সুমন, মীর আবদুল মালেক ওরফে দীপন, আমানুল্লাহ লিটন ও মজনু রহমান। তাঁরা জামিনে ছিলেন। এর মধ্যে সুমন, দীপন ও লিটনকে সদর উপজেলার বরুহা গ্রাম এবং মজনুকে দেলদুয়ার থেকে আটক করা হয়েছে। এই চারজন ২০০৫ সালে জেএমবির সিরিজ বোমা হামলায় জড়িত বলে গ্রেপ্তার হন।
এ ছাড়া ঢাকার খিজির খান হত্যা ও গোপীবাগে ছয়জনকে হত্যার সঙ্গে জড়িত জেএমবির সদস্য তরিকুল ইসলামের ভাই মাসুদ মিয়া ওরফে চঞ্চলকে দেলদুয়ার থেকে আটক করা হয়েছে। আটক বাকি পাঁচজন হলেন ভূঞাপুরের জামায়াত কর্মী আবু বকর, মধুপুরের জামায়াত নেতা রফিকুল ইসলাম, ভূঞাপুরের শিবির কর্মী রাজ্জাক প্রামাণিক ও ইদ্রিস মুন্সি এবং নিখিলের ভাতিজির সাবেক স্বামী গৌতম রুদ্র। রুদ্রকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করা হয়েছে।
দেলদুয়ার মৌলভীপাড়ার বাড়িতে গতকাল বিকেলে মাসুদের স্ত্রী তাহমিদা প্রথম আলোকে বলেন, মাসুদ সাভার ইপিজেড এলাকায় গার্মেন্টস সামগ্রীর ব্যবসা করেন। বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। সোমবার রাতে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়।
সুমন ও দীপনের বাবা মীর সোলায়মান বলেন, ২০০৫ সালে তিনি ও তাঁর দুই ছেলে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ছয় মাস পর জামিনে ছাড়া পান। দুই ছেলে আট বছর কারাগারে থাকার পর জামিন পান। সোমবার গভীর রাতে পুলিশ তাঁদের আটক করে।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সালেহ্ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের অগ্রগতি বা আটকের বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।
তবে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে জেএমবি-অধ্যুষিত জামালপুরের ভালো যোগাযোগব্যবস্থা রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৩০ মিনিটেরও কম সময়ে যমুনা নদীতে যাওয়া সম্ভব। আর নদী পেরিয়ে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের যেকোনো এলাকায় চলে যাওয়া যায়। তাই স্থানটি জঙ্গিদের পালানোর জন্য সুবিধাজনক।
এ ঘটনায় রিমান্ডে নেওয়া বিএনপির কর্মী ঝন্টু মিয়া ঘটনার কয়েক দিন আগে টানা ওই এলাকায় যাতায়াত করেছেন বলে প্রযুক্তিগতভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। আর রিমান্ডে এ বিষয়ে ঝন্টু কোনো সদুত্তর দিতে পারেননি। তাই ঘটনার সঙ্গে বা ঘটনাটি পরিকল্পনার ক্ষেত্রে ঝন্টুর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ।
গত শনিবার দুপুর ১২টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে নিজের দরজি দোকানের সামনে নিখিলকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল নিয়ে চলে যায় তিন দুর্বৃত্ত। নিখিলের বিরুদ্ধে ২০১২ সালে দাড়ি নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছিল।