জেএমবির দুই নেতাকে আদালতে হাজির জামিন নাকচ
বহুল আলোচিত ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ মামলায় জেএমবির দুই নেতাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতে হাজির করা হয়। সাক্ষীর জন্য ধার্য দিনে দুই নেতা কেন্দ্রীয় শুরা সদস্য রকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ও শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মোয়াজের উপস্থিতিতেই তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আদালতে শায়খুল ইসলামের (৩৪) আইনজীবী এম এম শাহজাহান জামিনের আবেদন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক বেগম মমতাজ পারভীন তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে রাকিব হাসানের (৩৫) জন্য কোনো জামিনের আবেদন জানানো হয়নি। গতকাল যাঁদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাঁরা হলেন: চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আবদুল করিম, বাগানপাড়ার উজ্জ্বল হোসেন ও কোর্টপাড়ার আবুল আরাফাত আহম্মেদ। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে মোট ৩৮ জনকে সাক্ষী করা হলেও গতকাল পর্যন্ত মাত্র নয়জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের সঙ্গে চুয়াডাঙ্গা শহরে ক্রমিক (সিরিজ) বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার দিন চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক আবদুল মোতালেব বাদী হয়ে থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় জেএমবির অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করে একটি মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান তদন্ত শেষে জেএমবির ওই দুই নেতাকে আসামি করে ২০০৭ সালের ৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি শায়খুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে এবং রকিব হাসান জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামের আবদুস সোবহানের ছেলে।