জেএমবির দুই শুরা সদস্যের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মজলিসে শুরার দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বেঞ্চ এ রায় দেন। দুই আসামি হলেন সালাহউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে মো. রাকিব হাসান ওরফে রাসেল। দুই আসামি কারাগারের কনডেম সেলে আছেন। ২০০৬ সালের ৯ নভেম্বর বিচারিক আদালত এক রায়ে এ দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। আদালত সূত্র জানায়, গনি গোমেজ মুসলমান থেকে খ্রিষ্টধর্ম গ্রহণ করায় তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয় জেএমবি। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। পরে ২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর গনি গোমেজকে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে সালেহীন, হাফেজ মাহমুদ, ভাগনে শহিদ ও বেলালকে আসামি করে জামালপুর থানায় মামলা করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-২০০৬ সালের ৯ নভেম্বর রায় দেন। পরে নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। ২০০৭ সালে কারা কর্তৃপক্ষ দুই আসামির দুটি আবেদন আদালতে পাঠায়, যা জেল আপিল হিসেবে গ্রহণ করা হয়। ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষে গতকাল রায় দেওয়া হয়।