জেএমবির দুই সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ২০টি ককটেলসহ গ্রেপ্তার জেএমবির দুই সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার আমলি আদালতে সোপর্দ করে তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ। রিমান্ডের শুনানি ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জেএমবির ওই দুই সদস্য হলেন সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম (৪০) এবং একই ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের হারুন উর রশীদের ছেলে আবুল কাশেম ওরফে তরিকুল (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশীদ বলেন, তাঁরা দুজন তালিকাভুক্ত জেএমবির সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে যুক্ত থাকার কথা তাঁরা স্বীকারও করেছেন। জেএমবি কমান্ডার আবদুল মোকাব্বেরুল ওরফে সনির স্বীকারোক্তিতেও তাঁদের নাম পাওয়া গেছে বলে সিআইডির একটি সূত্র জানায়।