জেএমবির দুই সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: উপজেলার কনোপাড়া গ্রামের আয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আবদুল মান্নান (৫০) ও ঝাড়গ্রামের নূর মণ্ডলের ছেলে আজাদুল ইসলাম (৩০)।গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিদের নিজ নিজ বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) বাগমারা ক্যাম্পের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি দুই জেএমবি সদস্য নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল প্রথমে কনোপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল মান্নানকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঝাড়গ্রামে অভিযান চালিয়ে আজাদুলকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গতকাল বিকেলে বাগমারা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, আবদুল মান্নান ও আজাদুর রহমান একটি জঙ্গিসংশ্লিষ্ট মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এখন পর্যন্ত তাঁদের থানায় সোপর্দ করা হয়নি।