জেএমবির দুই সদস্যকে রিমান্ডে নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে একে-২২ রাইফেল উদ্ধারের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন শুনানি শেষে এ আদেশ দেন। দুই জেএমবির সদস্য হলেন মাহবুবুর রহমান ওরফে খোকন ও শাহজাহান ওরফে কাজল।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় তহবিল সংগ্রহের জন্য ছিনতাই করে জেএমবির জঙ্গিরা। এ সময় গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি এবং গুলিতে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি একে-২২ রাইফেল উদ্ধার করে। এ ঘটনায় সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা সদরঘাট থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র চৌধুরী দুই জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।