জেএমবির দুই সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে সিরিজ বোমা হামলার মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। একই মামলায় অপর নয়জনকে বেকসুর খালাস দেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার টাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কাউসার আলম ওরফে সুমন ও আমান উল্লাহ আকন্দ ওরফে ছানাউল্লাহ। খালাস দেওয়া হয়েছে মেহেদী হাবিব ওরফে রফিক, কাউসার ওরফে ইউনুস ওরফে আশ্রাব, জাকারিয়া আলম ওরফে টিপন, আল মাসুম, ফয়দুল্লাহ, হাবিবুল্লাহ, রফিকুল ইসলাম, আজিজুল হক ওরফে গোলাপ, সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজীব ওরফে তাওহিদকে। তাঁরা সবাই পলাতক।আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই দিন ময়মনসিংহে জেলা আইনজীবী সমিতির কার্যালয়সহ কয়েকটি স্থানে বোমা হামলা চালানো হয়। হামলায় চারজন আহত হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে একই বছরের ৩০ নভেম্বর জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে শায়খ রহমান ও বাংলা ভাইসহ পাঁচ আসামির ফাঁসি হলে মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।