টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হামলায় নিহত দরজি নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জেলা বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বিদেশি, ভিন্নধর্মাবলম্বী, প্রগতিশীল ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের হত্যার জন্য নব্য জেএমবি দেশব্যাপী যে নীলনকশা তৈরি করেছিল, তারই অংশ ছিল নিখিল দরজি হত্যাকাণ্ড।’
এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ এপ্রিল গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে মোটরসাইকেলে আসা তিন তরুণ দরজি নিখিল চন্দ্র জোয়ারদারকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। ওই দিনই নিখিলের স্ত্রী আরতি জোয়ারদার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় মামলা করেন। পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা করে। ঘটনার দিনই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। গত বছরের ২ সেপ্টেম্বর ডিবি পুলিশ এ মামলায় গোপালপুরের শাখারিয়া গ্রামের বাসিন্দা মোসলেম ওরফে সুমনকে গ্রেপ্তার করে।
জেলা ডিবি সূত্রে জানা যায়, গতকাল মোসলেম ওরফে সুমন, সিরাজগঞ্জের বেলকুচির মতিয়ার ওরফে হৃদয় ও টাঙ্গাইলের এলেঙ্গার নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার অন্য আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ওরফে বাইক হাসান রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে ১০ জনকে সাক্ষী করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আলমনগর আলিম মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
ডিবির ওসি অশোক কুমার সিংহ গতকাল প্রথম আলোকে বলেন, মোসলেম ওরফে সুমন জেএমবির সদস্য। গ্রেপ্তার হওয়ার পরদিন তিনি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে নিখিলকে হত্যার পরিকল্পনা করা হয়। মোসলেম জেএমবির অপর দুই সদস্য মতিয়ার ওরফে হৃদয় ও নজরুল ইসলাম ওরফে বাইক হাসানকে নিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় একটি বাসা ভাড়া নেন। তাঁরা সেখান থেকে ডুবাইলে গিয়ে নিখিলের বাড়ি ও দোকান পর্যবেক্ষণ করেন এবং পরিকল্পনা অনুসারে হত্যা করেন।