জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে নেওয়া হচ্ছে জেএমবি সদস্য সাইফুল ইসলামকে। বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁর সঙ্গে আরও একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রথম আলো
আদালতে নেওয়া হচ্ছে জেএমবি সদস্য সাইফুল ইসলামকে। বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁর সঙ্গে আরও একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। 

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. আবদুল হান্নান দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম (৩০) ও মফিজুল ইসলাম (৩০)। এর মধ্যে সাইফুলের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ও মফিজুলের বাড়ি সোনারগাঁয়ে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাসমিন আহমেদ আরও বলেন, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী ২০০৭ সালের ১ জানুয়ারি র‍্যাবের একটি দল সোনারগাঁয়ের কোনাবাড়ী এলাকায় মফিজুলের বাড়ি থেকে ৩১টি পাওয়ার জেল, ১৯টি দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড বডি উদ্ধার করে। ওই ঘটনায় র‍্যাবের ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।