জেএমবির নেতা সাইদুরসহ পাঁচ জঙ্গি আবার রিমান্ডে
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমান, এহসার (সার্বক্ষণিক কর্মী) আবদুল্লাহ হেল কাফী ও তাঁর স্ত্রী আয়শা আকতারকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ ছাড়া জেএমবির অপর দুই জঙ্গি আমির হোসেন ওরফে শরীফ ও নুর হোসেন ওরফে সবুজকে দুটি মামলায় যথাক্রমে সাত ও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।সাইদুরসহ তিনজনকে এর আগে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল বিকেলে তাঁদের আদালতে ডিবি আরও নয় দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সাইফুল ইসলাম আদালতকে বলেন, আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানসহ পাঁচ জঙ্গির ফাঁসির পর সংগঠনটির প্রধান হিসেবে তৎপর হন সাইদুর রহমান। তিনি বলেন, আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং তার ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। নথিপত্র অনুযায়ী, গত ২৫ মে সাইদুরসহ এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কদমতলী থানায় মামলা করা হয়।প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, প্রথম দফা রিমান্ড শেষে জেএমবির এহসার দলের সদস্য আমির হোসেন ও নুর হোসেনকে গতকাল নারায়ণগঞ্জের অতিরিক্ত বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে হাজির করে পুনরায় রিমান্ড আবেদন করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় সাত দিন ও অস্ত্র আইনের মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার ‘বিলাল মহল’-এর নিচতলার একটি ফ্ল্যাট থেকে ২৫ মে এ দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র-বোমাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।