জেএমবির নেতা সাইদুরসহ ৩ জনের বিচার শুরু
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলায় অভিযোগ গঠন করে ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। সাইদুর ছাড়া অন্য দুই আসামি হলেন আবদুল্লাহ হেল কাদরী ও আয়েশা আক্তার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ মামলায় আসামিদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হলো।
গতকাল সাইদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার অপর দুই আসামি কাদরী ও আয়েশা আক্তার জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, ২০১০ সালের ৭ আগস্ট এ মামলায় সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ২০১১ সালের ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তৎকালীন বিচারিক আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণও করেন। অনুমোদন না নেওয়ার বিষয়টি আদালতের নজরে এলে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে পাঠানো হয়। গত ২৬ আগস্ট মন্ত্রণালয় অনুমোদন দেয়।
আদালত সূত্র বলেছে, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানাধীন দনিয়া নুর মসজিদ এলাকায় একটি বাসা থেকে জেএমবির তৎকালীন প্রধান সাইদুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় এ মামলা করা হয়। এ মামলায় ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।