
পাবনার ঈশ্বরদী উপজেলায় গির্জার যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার যুবকেরা হলেন রাকিবুল হাসান ওরফে রাব্বি (২২), জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৫), আবদুল আলিম (৩৬), শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও আমজাদ হোসেন (৩০)। প্রথম চারজনের বাড়ি পাবনা সদর উপজেলায়। আমজাদের বাড়ি সিরাজগঞ্জে। তিন দিনে ঢাকা ও রাজশাহী থেকে তাঁদের আটক করা হয়। ঘটনায় জড়িত নিশ্চিত হওয়ার পর গতকাল সোমবার তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল দুপুরে পাঁচজনকে পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার রাকিবুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি চারজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন। পরে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়।
৫ অক্টোবর বাড়িতে ঢুকে লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করেন মোটরসাইকেলে আসা তিন যুবক। স্ত্রী ও প্রতিবেশীদের চেঁচামেচির কারণে তঁারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পুলিশ মোটরসাইকেল জব্দ করে। লুক সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। পরে ঈশ্বরদী উপজেলা এলাকা থেকে ওবায়দুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওবায়দুলও কারাগারে।
গতকাল সকালে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী রাকিবুল ইসলাম ওরফে রাকিব নামের আরেক জেএমবি সদস্য। তিনি পলাতক। রাকিবুল ইসলাম ঢাকায় চাকরি করতেন। কিন্তু চাকরি ছেড়ে দেড় বছর ধরে তিনি পাবনায় জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। তিনি বিভিন্ন এলাকার জেএমবি সদস্যদের নিয়ে মাসে অন্তত তিনবার পাবনা এডওয়ার্ড কলেজমাঠ ও আশপাশের এলাকায় বৈঠক করতেন। সম্প্রতি রাকিবুল এক বৈঠকে সরকারকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলতে সংগঠনের ওপর পর্যায় থেকে নির্দেশ আসার কথা সদস্যদের জানান। এ জন্য বৈঠকে বিদেশি অথবা অন্য ধর্মের লোককে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে লুক সরকারের নাম প্রস্তাব করেন রাকিবুল। পরে বৈঠকে তাঁকে হত্যার সিদ্ধান্ত হয়।
পুলিশ সুপার বলেন, পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তার রাকিবুল হাসান ও পলাতক রাকিবুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর সকালে ফোন করে লুক সরকারকে ধর্মবাণী শুনতে চান বলে জানান। ওই দিন সকালে তাঁরা মোটরসাইকেলে লুক সরকারের বাড়িতে যান। ধর্মবাণী শোনার নামে তাঁরা বাড়িতে এক ঘণ্টা অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আবার ধর্মবাণী শোনার কথা বলে ৫ অক্টোবর সকালে রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ও শাকিল হোসেন নামের আরও একজন লুক সরকারের বাড়িতে যান। লুক সরকার তাঁদের ধর্মবাণী শোনাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর দুজন লুক সরকারের মুখ চেপে ধরেন। আর শাকিল গলায় ছুরি চালাতে থাকেন।
পুলিশ সুপার বলেন, পলাতক ও গ্রেপ্তার আসামিরা আগে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বইও জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে পাবনা সদর থানায় সন্ত্রাস দমন আইনে আরেকটি মামলা করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ের সময় ওই পাঁচজনকে উপস্থিত করা হলেও তাঁদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি।
এলাকায় খোঁজ নিয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাকিবুল হাসান পেশায় গেঞ্জি ব্যবসায়ী। জিয়াউর বিদ্যুৎমিস্ত্রি। শরিফুল ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে পাবনায় ছিলেন। গ্রেপ্তার আবদুল আলিম ও আমজাদ হোসেন ভ্যানরিকশাচালক।
হত্যাচেষ্টার মামলায় ওবায়দুল নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করলে লুক সরকার সাংবাদিকদের বলেছিলেন, ওই যুবক ঘটনার সময় ছিলেন না। গ্রেপ্তার পাঁচজনের ব্যাপারেও মন্তব্য জানতে গতকাল বিকেলে লুক সরকারের বাড়িতে গেলে তিনি ও পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হননি।
তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ প্রথম আলোকে বলেন, লুক সরকারকে গ্রেপ্তার পাঁচজনের ছবি দেখানো হয়েছে। তিনি রাকিবুলকে চিহ্নিত করলেও বাকিদের চিনতে পারেননি।
গ্রেপ্তার ওবায়দুলের ব্যাপারে ওসি বলেন, ওবায়দুলও ঘটনার নেপথ্যে আছেন। তাঁকেও রিমান্ডে আনা হবে।
আরও পড়ুন: