জেএমবির পাঁচ সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলার ঘটনায় করা মামলায় জেএমবির পাঁচ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে বাগেরহাটের বিচারিক হাকিম-১ আদালতের বিচারক নুর নবী গতকাল বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) মজলিশে শুরা সদস্য ও জামালপুর জেলার ফুলছেন্না গ্রামের রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ ওরফে রাসেল ওরফে হায়দার ওরফে রায়হান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর আস্তাইল গ্রামের আনিছুজ্জামান ওরফে আনিস, একই উপজেলার গাড়ফা গ্রামের আবু তালেব, উদয়পুর উত্তরকান্দি গ্রামের কালিম মোল্লা ও উদয়পুর গ্রামের হাসান আলী মোল্লা। এঁরা সবাই ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলায় বাগেরহাট কারাগারে বন্দী রয়েছেন।সিআইডির বাগেরহাট ক্যাম্পের পরিদর্শক হরিপদ বিশ্বাস জানান, এ মামলায় ৪ মার্চ এই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। ৮ মার্চ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত গতকাল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান কলেজ মাঠে শেখ হেলালের নির্বাচনী জনসভায় পেতে রাখা বোমা বিস্ফোরণে নয়জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়।