স্মরণসভা, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে জেএমবির বোমা হামলার ১১তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমিতি প্রাঙ্গণে ‘স্মৃতি শিখা অনির্বাণ’ জেলা আইনজীবী সমিতি, গাজীপুর জজশিপ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে ফুল দেওয়া হয়। পরে সেখান থেকে একটি শোক র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদ উজ্জামানের সভাপতিত্বে সমিতি প্রাঙ্গণে স্মরণসভা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক। আরও বক্তব্য দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জায়েদ মনসুর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী, সরকারি কৌঁসুলি আমজাদ হোসেন ও হারিছ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, জেলা বারের সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের ২৯ নভেম্বর আইনজীবী সমিতির ২ নম্বর হল রুমে জেএমবির বোমা হামলায় চার আইনজীবী, চার বিচারপ্রার্থী ও এক হামলাকারী ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক আইনজীবীর মৃত্যু হয়।