জেএমবির শক্তি বাড়াতে নানা বেশে চলছে কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশকে (জেএমবি) শক্তিশালী করতে প্রায় এক বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে বাসা ভাড়া নিয়েছিল ৮-১০ জন সদস্য। তারা রিকশাচালক, দিনমজুর ও মিস্ত্রির বেশে জঙ্গি-তৎপরতা চালাত। সংগঠনটির হাটহাজারী অঞ্চলের কমান্ডার মোহাম্মদ মাসুম গত রোববার পুলিশকে লক্ষ্য করে বোমা ফাটিয়ে পালিয়ে যান।গত রোববার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জেএমবির এহসার সদস্য শামীম হোসেন ওরফে হাসান পুলিশ ও সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। তিনি জেএমবির অন্যতম বোমা বিশেষজ্ঞ বলে স্বীকার করেন।শামীম বলেন, তাঁর বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। তিনি ঈদুল আজহার আগে হাটহাজারীতে আসেন। তিনি ২০০৮ সালে নীলফামারীতে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এর পর থেকে তিনিসহ আরও কয়েকজন ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামে আত্মগোপন করে জেএমবির তৎপরতা চালান।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আস্তে আস্তে তারা এখানে শক্তিবৃদ্ধির কাজ করছিল। তারা এখানে রিকশাচালক, দিনমজুর, রাজমিস্ত্রির বেশে থাকত। তাদের খরচের টাকা আসত সংগঠন থেকে।’সূত্র জানায়, এক বছর আগে সাত-আটজন লোক হাসপাতাল গেট এলাকায় চিকিৎসক শফিউল্লাহর ভবনের নিচতলার দুটি কক্ষ ভাড়া নেয়। সর্বশেষ গত ১ ডিসেম্বর তারা আরেকটি কক্ষ ভাড়া নেয়। এই তিন কক্ষে মোট ১১ জন ও একই উপজেলার পটিয়ায় আরও দুজন সদস্য থাকে। এখন সবাই পলাতক।শামীম থানা হাজতে প্রথম আলোকে বলেন, ‘আমি রিকশা চালাতাম। অন্যদের কেউ কেউ ঢালাইয়ের কাজ করত। মাসুম আমাদের কমান্ডার। সে-ই পুলিশকে লক্ষ্য করে বোমা মেরে পালিয়ে যায়। তার মাধ্যমে সংগঠনের টাকা আসত। উদ্ধার করা বোমাগুলো মাসুম নিয়ে আসে।’লিফলেটে সংগঠনের বিভিন্ন নির্দেশনা: উদ্ধার করা লিফলেটে কীভাবে বাসা ভাড়া নেওয়া হবে, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, ব্যবস্থাপনা ও নিরাপত্তার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা রয়েছে। বাসা বা আস্তানাকে তারা ‘হাইড’ নামে আখ্যায়িত করেছে। আস্তানার ঠিকানা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে জানানো যাবে না। লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না করে কেবল টুকটাক কথাবার্তা বলার কথা বলা হয়। এ ছাড়া বাসা নেওয়ার ক্ষেত্রে সব সময় নিচতলা ও একমুখী রাস্তা দেখতে হবে। এতে করে সহজে লড়াই করে সরে পড়া যাবে।উদ্ধার করা বোমার বিস্ফোরণ: জেএমবির আস্তানা থেকে উদ্ধার করা পাঁচটি বোমা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করে। পরে এগুলো ওখানেই একটি খোলা মাঠে বালির বস্তা দিয়ে একে একে বিস্ফোরণ ঘটায় পুলিশ।বিস্ফোরক দলের নেতৃত্বে থাকা পরিদর্শক আমিনুর রশীদ জানান, ‘এ বোমাগুলো দেশে তৈরি। তবে এতে উচ্চমাত্রার ধ্বংসাত্মক পদার্থ রয়েছে।’