জেএমবির শুরা সদস্য সালাউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল
একটি হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শুরা সদস্য সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীবের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন।আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৪ এপ্রিল জামালপুর জেলার সরিষাবাড়ী থানার সানাকৈর গ্রামে হূদয় রায় নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সরিষাবাড়ী থানায় মামলা হয়। পুলিশ সালেহীনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ মামলার রায়ে সালেহীনের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অপর দুই আসামি খালাস পান। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেননি। আইন অনুসারে আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) শুনানির জন্য হাইকোর্টে আসে। এর ওপর শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী শুনানি করেন। পরে মো. সেলিম প্রথম আলোকে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।এর আগে জামালপুরের অপর একটি হত্যা মামলায় গত ১৫ জানুয়ারি হাইকোর্ট সালেহীনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সালেহীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর ১৯৯৯ সালে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন এবং সালাউদ্দিন নাম ধারণ করেন। অল্প দিনের মধ্যে তিনি জেএমবির শুরা সদস্য হন। সালেহীনকে ধরিয়ে দিতে ২০০৬ সালের ১৭ মার্চ ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সরকার। ওই বছরের ২৬ এপ্রিল তাঁকে চট্টগ্রামের পাহাড়তলী থেকে গ্রেপ্তার করা হয়।