জেএমবির সদস্য আমজাদের পুনর্বিচার নয়, আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ৩ অক্টোবর লক্ষ্মীপুর জেলা আদালতে বোমা হামলার মামলায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আমজাদ আলীর পুনর্বিচারের রায় প্রত্যাহার করে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। আমজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
৬ এপ্রিল এই মামলার আরেক আসামি মাসুমুর রহমানের (মাসুম) ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ, আর আমজাদের পুনর্বিচারের আদেশ দেওয়া হয়। ওই রায় প্রত্যাহার করে গতকাল আমজাদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পুনঃশুনানি হয়। পরে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।
এই মামলায় ২০০৬ সালে জেএমবির সামরিক প্রধান আতাউর রহমান সানি (আরেক মামলায় ফাঁসি কার্যকর), সদস্য মাসুম ও আমজাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন লক্ষ্মীপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে মাসুম ও আমজাদ আপিল করেন। পাশাপাশি অনুমোদনের জন্য তাঁদের মৃত্যুদণ্ডাদেশ (ডেথ রেফারেন্স) হাইকোর্টে যায়। আদালত ২০১৩ সালে মাসুমের দণ্ডাদেশ বহাল রাখেন, খালাস দেন আমজাদকে। রায়ের বিরুদ্ধে আপিল করেন মাসুম ও রাষ্ট্রপক্ষ।