রাজধানীর গোপীবাগে ছয় খুনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তরিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক কাজী গোলাম কবির পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা মামলায় গ্রেপ্তার করা তরিকুলকে গত রোববার ছয় খুনের মামলার গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনের শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে আদালত তরিকুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগের বাড়িতে ইমাম মেহেদীর প্রধান সেনাপতি দাবিদার লুৎফোর রহমানসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত লুৎফোর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় এই হত্যা মামলা করেন।
গত ৫ অক্টোবর মধ্য বাড্ডায় নিজ বাড়ির দোতলায় হাত-পা বেঁধে খিজির খানকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর টাঙ্গাইল থেকে তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।