২০০৫ সালে লক্ষ্মীপুর জেলা আদালতে বোমা হামলার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসুমুর রহমানের ফাঁসির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। একই সঙ্গে জেএমবির আরেক সদস্য আমজাদ আলীকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে তাঁর পুনর্বিচারের আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আদালতে মাসুমের পক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
রায়ের পর শশাঙ্ক শেখর বলেন, দুই আসামিই কারাগারে আছেন। আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন, আমজাদ আলীকে কনডেম সেল থেকে সাধারণ কয়েদিদের সেলে স্থানান্তর করতে হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩ অক্টোবর লক্ষ্মীপুর জেলা আদালতে বোমা হামলা চালায় জেএমবি। ওই হামলায় একজন নিহত হন, বিচারকসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ১৫ আগস্ট জেএমবির শুরা সদস্য ও সামরিক প্রধান আতাউর রহমান সানি, জেএমবির সদস্য মাসুম ও আমজাদ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন লক্ষ্মীপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মাসুম ও আমজাদ আপিল করেন। পাশাপাশি তাঁদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে যায়। ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় ২০০৭ সালের মার্চে আতাউরের ফাঁসি কার্যকর হওয়ায় তিনি মামলা থেকে বাদ পড়েন।
২০১৩ সালে হাইকোর্ট মাসুমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন ও আমজাদকে খালাস দেন। এরপর হাইকোর্টের ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করেন মাসুম। আর আমজাদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দুই আপিলের ওপর শুনানি শেষে গতকাল রায় ঘোষণা করলেন আপিল বিভাগ।