জেএমবির সদস্য মিনহাজের তিন দিনের রিমান্ড
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজীবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানায় সন্ত্রাস দমন আইনে করা একটি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলে মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে তাঁর কোনো স্বজন বা আইনজীবী ছিলেন না।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টাঙ্গাইলের নাগপুর থানার কেদারপুর এলাকা থেকে মিনহাজুলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাড়া এলাকায়। পরে মিনহাজকে গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাটে ছিনতাইয়ের এবং ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকায় গ্রেনেড, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখায় নগর ডিবি পুলিশ। এর মধ্যে ছিনতাইয়ের মামলায় দায় স্বীকার করে গতকাল শনিবার আদালতে জবানবন্দি দেন মিনহাজ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মিনহাজকে জিজ্ঞাসাবাদ করতে কর্ণফুলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নগর ডিবি পুলিশের পরিদর্শক সত্যজিৎ বড়ুয়া। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে কড়া নিরাপত্তায় তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাবে।