নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা মো. শামীম হোসেন ওরফে শামীম হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী গতকাল মঙ্গলবার সকালে তাঁর জবানবন্দি নথিভুক্ত করেন।আদালত সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় হাটহাজারীতে পুলিশকে লক্ষ্য করে বোমা ফাটিয়ে পালানোর সময় শামীম গ্রেপ্তার হন। পরে জঙ্গিদের আস্তানা থেকে পাঁচটি শক্তিশালী বোমা, ৩০টি জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। ২০০৮ সালে নীলফামারীতে সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। তিনি জেএমবির এহসার সদস্য। পুলিশ সূত্র জানায়, শামীম জবানবন্দিতে তিন-চার বছর আগে জেএমবিতে যোগ দেওয়া থেকে শুরু করে গোপনে এই জঙ্গি সংগঠনকে শক্তিশালী করার বর্ণনা দেন। তিনি বলেন, ‘জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গত রমজানের পর আনোয়ার আমাকে ফোন করে হাটহাজারীতে আসতে বলেন। কোরবানি ঈদের মাস খানেক আগে আমি হাটহাজারী পৌঁছাই। আনোয়ার আমাকে স্থানীয় মেডিকেল ফটকের পাশে এক বাসায় নিয়ে যান। সেখানে আরও কয়েকজন জেএমবি সদস্যকে দেখতে পাই। তাঁরা ওই বাসা থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন।’ জবানবন্দিতে শামীম বলেন, ‘গত ডিসেম্বরে ওই বাসায় আরও কয়েকজন সদস্য ওঠেন। ফলে জেএমবির সদস্যসংখ্যা বেড়ে ১৪ জনে উন্নীত হয়। ২৫ বছর বয়সী একজন সদস্য বাসার সবকিছু দেখাশোনা করতেন। ইসলামিসহ জেহাদি বই পড়ে সময় কাটাতাম আমরা। তবে জরুরি ক্ষেত্রে নিরাপদে পালানোর জন্য বাসায় ছয়টি বোমা ছিল। আমাদের একেকজন একেক কাজ করতাম। আমি রিকশা চালাতাম।’ শামীম বলেন, ‘বাসা থেকে মাঝেমধ্যে আমরা পাহাড়ের দিকে যেতাম। সেখানে আমাদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য দেওয়া হয়নি। তবে সংগঠন শক্তিশালী করার কাজ করতাম আমরা। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় আমি রিকশা নিয়ে বাসায় ফিরছিলাম। বাসার পাশে একজন লোক (পুলিশ) আমাকে বলেন তাঁকে নিয়ে থানায় যেতে। আমি যেতে অস্বীকৃতি জানানোর পর ওই ব্যক্তি আমার বাসার খোঁজ নেন এবং আমার সঙ্গে বাসায় আসেন।’