নাটোরের কলেজছাত্র মনোয়ার হোসেন ওরফে বাবু হত্যা মামলার আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য শাহাদৎ হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নাটোর সদর উপজেলার জগদীশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।বাগমারা থানা সূত্রে জানা গেছে, বাবুকে ২০০৪ সালের ১ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার পলাশী গ্রামে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবুর বাড়ি নাটোর সদর উপজেলার স্বরকতুয়া গ্রামে। তিনি নলডাঙ্গা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় ওই সময় বাগমারা থানায় হত্যা মামলা করা হয়। পরে পুলিশ মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়। নিহত বাবুর বাবা মহসিন আলী বাদী হয়ে ২০০৮ সালে আবার মামলা করলে পুলিশ তদন্ত শেষে জেএমবির নেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রাজশাহীর দায়রা জজ আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানার বলেই শাহাদৎকে গ্রেপ্তার করা হয়।নলডাঙ্গা থানার উপপরিদর্শক আবদুুস সাত্তার জানান, আদালতের মাধ্যমে শাহাদৎকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।