জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩ জনের রিমান্ড মঞ্জুর
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার তিনজনের আরও দুই মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে নগরের কর্ণফুলী ও বায়েজিদ বোস্তামী থানার মামলায় ওই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর হাটহাজারীর আমানবাজার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেএমবির তিন সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে জিজ্ঞাসাবাদ করতে পৃথকভাবে ১০ দিনের রিমান্ডের আবেদন করে হাটহাজারী থানার পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে দুটি রিমান্ড একসঙ্গে চলবে।
গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি বাসা থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা করা হয়।