জেএমবির সদস্যকে ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য রেজাউল করিমকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া তিন আসামিকে বেকসুর খালাস দেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন মো. তারেক ইকবাল তারেক, আবদুল্লাহ আল
ফাত্তাহ ওরফে শাকিল ও হাফেজ মো. এনায়েত উল্লাহ ওরফে অপু।

রায় ঘোষণার আগে কারাগারে আটক তিন আসামি রেজাউল করিম, আবদুল্লাহ আল ফাত্তাহ ও এনায়েত উল্লাহকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি তারেক ইকবাল আদালতে উপস্থিত ছিলেন।

রায় বলা হয়, এ মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করার অভিযোগ আনা হয়। আসামিরা তৎ​কালীন হোটেল শেরাটনের প্রবেশপথে সময় নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটান। ওই দিন একযোগে সারা দেশে বোমা হামলা করে আতঙ্কের সৃষ্টি করা হয়। রাষ্ট্রপক্ষ এ অভিযোগ প্রমাণে ১৪ জন সাক্ষী উপস্থাপন করেছেন। আসামি রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলো। অভিযোগপত্রভুক্ত অপর তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হলো।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট হোটেল শেরাটনের ফটকের সোজাসুজি রাস্তার ওপরে ফুটপাতের ওপর বেলা ১১টার সময় একটি টাইম (সময়নিয়ন্ত্রিত) বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় উপপরিদর্শক আবদুল মতিন প্রধান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

২০০৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ আবু বকর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

২০০৮ সালের ২২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন মো. ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি আবদুল গণি।