জেএমবির সদস্যরা আ.লীগের কমিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটিতে চরমপন্থী ও জেএমবির সদস্যদের রাখার অভিযোগ উঠেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তাঁর অনুসারীরা ওই কমিটিগুলো প্রত্যাখ্যান করে পাল্টা কমিটি গঠন করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য মাস দুয়েক আগে উপজেলা কমিটি বিভিন্ন ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেয়। এসব কমিটি গঠনের জন্য ইউনিয়ন সভাপতি ও সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়। এরপর বিভিন্ন ওয়ার্ডে কমিটি করা হয়।দলীয় ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সভাপতি করা হয়েছে শাহীন আলমকে। তিনি পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলু খাঁ জেএমবির হামলায় নিহত সাজুড়িয়ার আবু তালেব হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি একাবর আলীও পুলিশের তালিকায় চরমপন্থী। ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহাবুর রহমানও পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাজিল ও ৯ নম্বর ওয়ার্ডের রফাতুল্যাহর বিরুদ্ধেও চরমপন্থীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে রয়েছে। তাঁদের বিরুদ্ধে এসংক্রান্ত অভিযোগে সাধারণ ডায়েরি রয়েছে।বাগমারা থানার ওসি ইসমাইল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘তালিকা না দেখলে কিছু বলা যাবে না।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম অভিযোগ করেন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক অনিয়মতান্ত্রিতকভাবে তাঁর পছন্দের এবং চরমপন্থী ও জেএমবির তালিকাভুক্ত সদস্যদের বিভিন্ন ওয়ার্ড কমিটিতে রেখেছেন। এ জন্য তাঁরা স্বচ্ছ ভাবমূর্তির লোকদের নিয়ে সব ওয়ার্ডে গত ২৩ জানুয়ারি পাল্টা কমিটি গঠন করেছেন।ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল দাবি করেন, মূলধারার ব্যক্তিদের বাদ দিয়ে চরমপন্থী ও জেএমবি সদস্যদের নিয়ে কমিটি গঠন করায় তাঁরা নয়টি ওয়ার্ডেই পাল্টা কমিটি গঠন করেছেন।জাহেদুল ইসলাম বলেন, তিনি এ সাতজনের বিরুদ্ধে চরমপন্থী ও জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে দলীয় নেতাদের জানিয়েছেন। তাঁদের কমিটিতে রাখায় সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা এসব ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।কিছু বিতর্কিত ব্যক্তিকে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করার কথা নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। তিনি এ ব্যাপারে সরাসরি কিছু না বলে শুধু বলেন, ‘বিপদে আছি, আমি পুতুল হয়ে গেছি। আমার কিছুই করার নেই।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান চৌধুরী বলেন, যাঁরা পাল্টা কমিটি গঠন করেছেন, তাঁরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ করেছিলেন। তবে কারা বিতর্কিত, তা দূর থেকে না বলে কমিটি গঠনের সময় তাঁদের উপস্থিত থাকা উচিত ছিল। শনিবার এসব ওয়ার্ড কমিটি নিয়ে ইউনিয়ন কমিটির সম্মেলন হয়েছে। সেখানে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি ছিলেন। অপর অংশের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।