জেএমবির সদস্যরাই ফারুকীকে হত্যা করে
রাজধানীর গোপীবাগে কথিত পীর লুৎফর রহমানসহ ছয় খুনে জেএমবির আট সদস্য অংশ নিয়েছিলেন। তাঁরাই বেসরকারি টিভি চ্যানেলের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এই তথ্য জানিয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তে কথিত পীর লুৎফর রহমানসহ ছয় খুনে জড়িত আটজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তাঁরাই বেসরকারি টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। আর আটজনকে গ্রেপ্তার করা গেলেই ফারুকী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে।
২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগের একটি বাড়িতে ইমাম মাহাদীর প্রধান সেনাপতি বলে দাবি করা লুৎফর রহমানসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র বলেছে, রাজধানীর বাড্ডায় কথিত পীর খিজির খানকে গলা কেটে হত্যার অভিযোগে গত ১৪ অক্টোবর জেএমবির সদস্য তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোপীবাগে ছয় খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ২৮ অক্টোবর গোপীবাগের ছয় খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারিকুল জবানবন্দিতে জেএমবির কয়েকজনের নামও বলেছেন। গোপীবাগের ছয় খুনে অংশ নেওয়া আলবানি ওরফে মাহফুজ ওরফে হুজ্জা গত ২৫ নভেম্বর গাবতলীর দীপনগরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ও পরে হাসপাতালে মারা যান।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, মাহফুজ আহত অবস্থায় ডিবি কর্মকর্তাদের বলেছিলেন তিনি ভাড়ায় গোপীবাগে ছয় খুন ও টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ফারুকীর হত্যায় অংশ নিয়েছিলেন। তিনি ডিবিকে বলেন, জেএমবির শীর্ষ নেতার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটে। এতে আটজন অংশ নেন। মাহফুজ ওই আটজনের নাম-ঠিকানাও ডিবিকে বলে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ফারুকী হত্যা মামলাটি পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) তদন্ত করছে। শিগগিরই ওই মামলাটি ডিবিতে তদন্তের জন্য আনা হবে।
গত বছরের ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে কয়েকজন যুবক পরিবারের সদস্যদের জিম্মি করে নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন তাঁর ছেলে ফয়সাল ফারুকী।
ছয় খুনের মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম বলেন, গোপীবাগে ছয় খুনের ঘটনায় তারিকুল ও মাহফুজের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোড থেকে জেএমবির আরেক সদস্য আবদুল গফফারকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গোপীবাগে ছয় খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো। অবশ্য এর আগে ওই মামলায় জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করা হলে তাঁরা হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও জেএমবি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।