জেএমবির সাংকেতিক যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিজান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তার অসুস্থতার কারণ এখনো বুঝতে পারেনি। তবে ধারণা করছি, অসুস্থতার এক-দেড় মাস আগে মিরপুর ১০ নম্বরে দেখা করেছিল আলীর সাথে। হয়তো সেখান থেকেই ভাইরাস লেগেছিল পেছনে।’ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানের কাছে এভাবেই জেল থেকে চিঠি পাঠিয়েছিলেন সংগঠনের এক সদস্য।চিঠিতে ‘অসুস্থতা’ বলতে বোঝানো হয়েছে ‘গ্রেপ্তার হওয়া’ আর ‘ভাইরাস’ হচ্ছে গোয়েন্দারা। গত বছরের মে মাসে গ্রেপ্তার হন জেএমবির বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে বোমা মিজান। চিঠিতে মাওলানা সাইদুরকে সম্বোধন করা হয়েছে ‘আবু শামীম’ বলে। আবু অর্থ বাবা; অর্থাৎ শামীমের বাবা। সাইদুরের বড় ছেলের নাম শামীম।দুই পৃষ্ঠার পুরো চিঠিতে রয়েছে এ রকম অনেক সাংকেতিক শব্দ। বিশেষজ্ঞদের মতে, জেএমবির সদস্যদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কিছু সাংকেতিক শব্দ তৈরি করা করেছে। গত নভেম্বরে রাজধানীর গোড়ানে সাইদুরের দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহারের বাসায় র‌্যাবের অভিযানে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এই চিঠিটিসহ সাংকেতিক ভাষায় লেখা আরও কিছু চিঠি ও খেরো খাতা উদ্ধার করা হয়।‘নাজমুলের পক্ষ থেকে অভিভাবকের প্রতি’ সম্বোধনের একটি চিঠিতে লেখা হয়েছে: ‘গত মৌসুমে আবাদ খুব খারাপ হয়েছে, উল্লেখযোগ্য অঙ্ক পাইনি।...মামুনের পড়াশোনা শেষ, বাইরে আসার ব্যাপারে আগ্রহ আছে।’‘বড় চাচার পক্ষ থেকে ভাতিজা মুহাম্মদ+হারুনের প্রতি’ সম্বোধনের আরেক চিঠিতে লেখা হয়, ‘...এখন বাড়ি থেকে প্রবাসে চলে যাওয়ার প্রবল ইচ্ছা সত্ত্বেও তোমাদের খোঁজখবর জানতে পারছি না।...সেজ এবং এস বেড়াতে গিয়েছে...। তোমাদের বাড়িতে নিয়ে আসার আয়োজনেই মূলত সবাই এখন চেষ্টা করছে।’‘দুই সিমের প্রতি’ সম্বোধনে খেরো খাতার একটি চিঠিতে লেখা আছে, ‘...নীলফামারীতে কোনো প্রকার আলামত ছাড়াই ১৩ জন অসুস্থ হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কারখানার কাজ শুরু হওয়া মাত্রই আটজন অসুস্থ হয়। ...বাকিরা কালোদের ভীতসন্ত্রস্ত করে চলে আসতে সক্ষম হয়। পরে চট্টগ্রাম থেকে দুজন অসুস্থ হয়।’চিঠিগুলোতে পুলিশকে বলা হয়েছে ‘জুনুদ’, র‌্যাবকে ‘কালো’, কারামুক্তিকে বলা হয়েছে ‘রোগমুক্ত’, বিভিন্ন ধরনের অস্ত্রকে বলা হয়েছে ‘সামান’ ও ‘মেওয়া’।কয়েকটি চিঠি এমনভাবে লেখা হয়েছে যেন ব্যবসায়িক চিঠি। একটিতে লেখা আছে, ‘সব মার্কেটেই ম্যানেজার আছে, রংধনু ব্যতীত।... ম্যানেজাররা অনেকেই এখন পর্যন্ত নিজেদের অবস্থান মজবুত করতে পারেননি।’ এখানে জেলার প্রধানদের উল্লেখ করা হয়েছে ‘ম্যানেজার’ হিসেবে আর জেলাগুলোকে বলা হয়েছে ‘মার্কেট’। আর রংপুরকে বলা হয়েছে রংধনু।