জেএমবির সাত জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্যরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্যরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঁদের মধ্যে একজন আবদুল্লাহ আল তাসনীম ওরফে নাহিদ (২৯) জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির বলে ডিবি দাবি করছে।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন: মো. নাঈম আলী (২৮), মো. সিকান্দার আলী (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মো. মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমদ (২৪)। এঁদের মধ্যে মো. সিকান্দার আলী নর্থ সাউথ ইউনিভার্সিটির ও মাহমুদ ইবনে বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ডিবি জানিয়েছে।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার বেলা একটা পাঁচ মিনিটে তুরাগের আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্কিং এলাকা থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাসনীম ছাড়া বাকিরা জেএমবির সক্রিয় সদস্য। এঁদের কাছ থেকে প্রায় ১০ কেজি জেল মিশ্রিত রাসায়নিক পদার্থ, চারটি পিতলের মূর্তি, উগ্র জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধকরণের কিছু বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ও বিস্ফোরক দ্রব্য উপাদানবলি আইনে তুরাগ থানায় দুটি মামলা করা হয়েছে।
এঁদের সবাইকে গতকাল শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সকালে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের তথ্যকেন্দ্রে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান কারাবন্দী থাকায় তাসনীম দলনেতার দায়িত্ব পালন করছিলেন। তিনি চলতি বছরের প্রথম দিকে কারাগার থেকে মুক্তি পান। তাঁর বড় ভাই আবদুল আল সোহাইল ২০০৫ সালে গাজীপুরের আইনজীবী সমিতি কার্যালয়ে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
মনিরুল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা স্বীকার করেছেন যে তাঁরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছিলেন। ইতিপূর্বে তাঁরা বেশ কয়টি হামলার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছেন। তবে এসব জঙ্গি কাদের ওপর বা কী ধরনের স্থাপনায় কবে-কখন হামলার পরিকল্পনা করেছিলেন, সে সম্পর্কে ডিবির এই কর্মকর্তা কিছু জানাননি। তিনি আরও দাবি করেন, তাসনীমসহ গ্রেপ্তার হওয়া এসব জঙ্গির ইরাক ও সিরিয়ায় আইএসের কথিত সশস্ত্র জিহাদে যোগ দেওয়ার কথা ছিল। তাঁরা পাসপোর্টও তৈরি করেছিলেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, জেএমবির পলাতক দুই নেতা সালাউদ্দিন সালেহীন ও সোহেল মাহমুদ ওরফে হাতকাটা সোহেল ভারত থেকে তাসনীমকে পরামর্শ দিতেন। আর কারাবন্দী আমির সাইদুর রহমানের জামাতা তাসনীমের এসব পরিকল্পনায় সহযোগিতা করেছেন। চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার সঙ্গেও গ্রেপ্তার হওয়া সাতজনের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তাসনীমের বিরুদ্ধে টাঙ্গাইল ও গাজীপুর জেলায় হত্যা ও বিস্ফোরণের দায়ে ২০টির বেশি মামলা রয়েছে। এ ছাড়া বান্দরবানের দুর্গম এলাকায় তাঁদের প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। বেশ কিছু নারী সদস্যও তাঁদের দলে নাম লিখিয়েছেন।
জেএমবির এই সাত সদস্যের তৎপরতা সম্পর্কে এত সব তথ্য জানানো হলেও এঁদের কার বাড়ি কোন জেলায়, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। সংবাদ ব্রিফিংয়ের পর ডিবি কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তাঁরা কিছু বলতে পারেননি।
তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, তাসনীমের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার স্বর্ণখালিপাড়ার শরীফবাগ গ্রামে। তাঁকে ২০০৬ সালের ডিসেম্বরে গাজীপুর থেকে র‌্যাব গ্রেপ্তার করেছিল। একটি বিস্ফোরক মামলায় সাজা খেটে তিনি চলতি বছরের মার্চে মুক্তি পান।