জেএমবির ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা মামলায় জেএমবির ১০ জঙ্গিকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিগগির আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ।
গত বছরের ২৩ অক্টোবর গভীর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হয়। সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরান ঢাকার চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
মামলা তদন্তকারী সংস্থা ডিবির সূত্রগুলো জানায়, এ হামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৩ জন জঙ্গির জড়িত থাকার প্রমাণ পেয়েছে ডিবি। এঁদের মধ্যে তিনজন ইতিমধ্যে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করে বাকি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। এঁরা সবাই গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব, আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, আহসানউল্লাহ মাহমুদ, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহজালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চান মিয়া।
এঁদের মধ্যে প্রথম চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেন, হামলার ১২ দিন আগে ১০ অক্টোবর তাঁরা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেন। এরপর ১৬ অক্টোবর মাসুদ, রুবেল, আশিক, হিরণ ও সোলায়মান ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন।
ডিবি বলছে, বন্দুকযুদ্ধে নিহত আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা, আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল ছিলেন হামলার পরিকল্পনাকারী। এঁদের সঙ্গে মাসুদ রানাও পরিকল্পনায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি ও তাঁর সহযোগীরা হোসেনি দালানের কাছাকাছি ঘরভাড়া নেন। কিন্তু আগের দিন যাওয়ার পথে পুলিশের তল্লাশি চৌকিতে তাঁরা একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) হত্যা করেন এবং ওই ঘটনায় মাসুদ রানা গ্রেপ্তার হন। ওই দিন রাতেই হোসেনি দালানে হামলা হয়।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া চারজনের জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে আলবানি নিজে হোসেনি দালানে পরপর পাঁচটি বোমা ছুড়ে মারেন। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় ভিডিও চিত্র ধারণসহ বোমা নিক্ষেপে সহায়তা করেন আহসানউল্লাহ, নোমান, মুসায়াব, রুবেল, চান মিয়া, আরমান, হিরণ ও আশিক। সোলায়মান লোকজনের গতিবিধি লক্ষ করেন। আর শাহজালাল ও ওমর ফারুক হামলার আগে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।
অবশ্য দুই বিদেশি হত্যাসহ আরও কিছু ঘটনার মতো হোসেনি দালানে হামলারও দায় স্বীকার করেছিল সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান প্রথম আলোকে বলেন, দেশীয় জঙ্গি সংগঠন জেএমবিই এই হামলায় জড়িত। তিনি বলেন,জেএমবি তাদের শক্তির জানান দিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় জমায়েতকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল, যাতে দেশের মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।