জেএমবির ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্ত শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সম্প্রতি মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেয়।
এই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ অভিযোগপত্র দেওয়ার বিষয়টি গত বুধবার প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, গত এপ্রিলের শেষ সপ্তাহে দেওয়া অভিযোগপত্রে জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৬২ (এ বি সি ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। এ জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। বিষয়টি আদালতকেও জানানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে তা আদালতে দেওয়া হবে। এরপর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন। সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরান ঢাকার চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। প্রথমে মামলাটি চকবাজার থানার পুলিশ তদন্ত করলেও পরে তা ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, হোসেনি দালানে বোমা হামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৩ জন জঙ্গির জড়িত থাকার প্রমাণ পায় ডিবি। এঁদের মধ্যে তিনজন ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। বাকি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এঁরা সবাই গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, চান মিয়া, ওমর ফারুক ওরফে মানিক, আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ, শাহজালাল, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান ও জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব। এঁদের মধ্যে মাসুদ রানা, আরমান, জাহিদ হাসান ও রুবেল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সূত্র আরও বলেছে, গ্রেপ্তার করা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া চারজনের জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, ‘বন্দুকযুদ্ধে’ নিহত আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা, আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল ছিলেন হামলার মূল পরিকল্পনাকারী। হামলার আগে ১০ অক্টোবর তাঁরা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেন। বোমা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, আরমান ও কবির হোসেন। তাঁদের মধ্যে কবির হোসেন ও জাহিদ হাসান ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন। হামলা করে ওঠার জন্য কামরাঙ্গীরচরে বাসাটি ভাড়া করেন আরমান ও রুবেল ইসলাম। জঙ্গি মাসুদ রানা বোমা হামলার স্থান সম্পর্কে জানতেন। আরমান হোসেনি দালানে উপস্থিত থেকে পরপর পাঁচটি বোমা নিক্ষেপ করেন। বাকি পাঁচজন চান মিয়া, ওমর ফারুক, আহসানউল্লাহ, শাহজালাল ও আবু সাঈদ ভিডিও ধারণসহ বোমা হামলায় উদ্বুদ্ধ ও সহায়তা করেন। হামলায় মাসুদ রানার অংশ নেওয়ার কথা ছিল। ঘটনার আগের দিন ঢাকার বাইরে থেকে কামরাঙ্গীরচরে যাওয়ার পথে গাবতলীতে পুলিশের তল্লাশি চৌকিতে তাঁরা সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লাকে হত্যা করেন এবং ঘটনাস্থলে মাসুদ রানা গ্রেপ্তার হন। পরদিন রাতে হোসেনি দালানে হামলা হয়।
ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান বলেন, জেএমবি তাদের শক্তির জানান দিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় জমায়েতকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল, যাতে দেশের মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।