জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেএমবির ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক শফি উদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত করে তা দাখিলের জন্য গত ২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৩ অক্টোবর অভিযোগপত্র দাখিলের জন্য অনুমোদন দেয়। এরপর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হতে পারে।
আদালত সূত্র বলেছে, অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব, আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, আহসানউল্লাহ মাহমুদ, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহজালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চান মিয়া। তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং বর্তমানে কারাগারে আটক আছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি জাহিদ, আরমান, রুবেল ও কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, হামলার ১২ দিন আগে গত বছরের ১০ অক্টোবর তাঁরা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন। ১৬ অক্টোবর আসামি মাসুদ, রুবেল, আশিক, হিরণ ও সোলায়মান ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন। আর রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা, আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল ছিলেন হামলার পরিকল্পনাকারী। এঁদের সঙ্গে মাসুদ রানাও পরিকল্পনায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী তিনি ও তাঁর সহযোগীরা হোসেনি দালানের কাছাকাছি ঘর ভাড়া নেন।
তদন্তে হামলায় জেএমবির ১৩ জন জঙ্গির জড়িত থাকার প্রমাণ পায় তদন্তকারী সংস্থা। এঁদের মধ্যে তিনজন ইতিমধ্যে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাঁদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। বাকি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত বছরের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন। সেখান থেকে অবিস্ফোরিত দুটি বোমা (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) উদ্ধার করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।