
গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় আট বছর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন এনায়তুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুন্সি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি। গতকাল কারাগারে আটক ওই ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা স্বাভাবিক ছিলেন।২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতি কার্যালয়ে বোমা হামলায় নিহত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ওই ঘটনায় আরও মারা যান গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ আটজন। বোমা হামলাকারী নিজেও নিহত হন।একই দিন চট্টগ্রামে আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ ও ঘাতক নিহত হন। তার আগে ১৪ নভেম্বর ঝালকাঠির আদালতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে দুই বিচারককে হত্যা করে জেএমবি সদস্যরা। ওই বছরের ১৭ আগস্ট জেএমবি ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশজুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।গাজীপুরের বর্বরোচিত ঘটনায় আদালত ঘাতকদের ১০ জনকে পৃথকভাবে মৃত্যুদণ্ডাদেশে দেন। রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামিদের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য আদালত প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করলেন।ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে প্রত্যেকের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেন আদালত। রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। একই সঙ্গে আদালত আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ঘটনার পর পুলিশ বাদী হয়ে গাজীপুর থানায় বোমা ও হত্যা মামলা দায়ের করে। ২০০৭ সালের ৪ জুলাই ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জেএমবির প্রধান আবদুর রহমান, তাঁর ভাই আতাউর রহমান সানি এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলার অভিযোগ থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ৭০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।