দিনাজপুর শহরের ছোটগুড়গোলা মহল্লায় জেএমবির মেসে বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জেএমবির দুই জঙ্গির বিরুদ্ধে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দিনাজপুরের বিশেষ জজ আদালত। মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল পাঁচটায় দিনাজপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. রফিকুল আলম ওই রায় দেন। আদালতে সাক্ষ্যপ্রমাণে জেএমবির আঞ্চলিক কমান্ডার শহরের রাজবাটি এলাকার আনোয়ার সাহাদাত ওরফে কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ্ (৩০) ও জেএমবির শুরা সদস্য পার্বতীপুর উপজেলা হলদীবাড়ী গ্রামের সাইদুর রহমান ওরফে সাখাওয়াত দোষী সাব্যস্ত হন। মামলার অপর আসামি সদর উপজেলার ভবাইনগর গ্রামের হাফেজ হাবিবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় তিনজন আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৬ মার্চ একই আদালতের বিচারক অস্ত্র আইনে দায়ের করা মামলার রায়ে উল্লিখিত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির আদেশ দেন।গতকাল বিকেলে রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত দুই আসামির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে পরে আদালত থেকে নেমে আসার পথে সাংবাদিকেরা তাঁদের ছবি তুলতে গেলে ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাঁরা তাঁদের দিকে তেড়ে আসেন।