জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মাৎ কামরুন নাহার আজ সোমবার দুপুরে এ রায় দেন। ওই সময় আদালতে দুই আসামি জেএমবির সদস্য মাহবুব ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমীন আহমেদ জানান, বন্দর থানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেএমবির দুই সদস্য মাহবুব ও সাইফুল ইসলামকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৮ জনের মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে। সাইফুলের দেওয়া তথ্য অনুসারে, তাঁকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ৭ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দায় মাহবুবের বাড়িতে অভিযান চালিয়ে ২১টি দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড, পাওয়ার জেল ও তিনটি জিহাদি বই উদ্ধার করে।
ওই ঘটনার পরদিন র্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সালাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারায় বন্দর থানায় মাহবুব ও সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে বিচারকাজ শুরু হয় ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি।
আসামি সাইফুল ইসলাম বন্দর উপজেলার ফরাজীকান্দার সরদার বাড়ির মৃত কামালউদ্দিনের ছেলে। অপর আসামি মাহবুব ফরাজীকান্দার মোহাম্মদ হোসেনের ছেলে। সাইফুল কোনো আইনজীবী নিয়োগ না দিয়ে নিজেই মামলা পরিচালনা করেন। অপর দিকে মাহবুবের পক্ষে বিভিন্ন শুনানিতে বিভিন্ন আইনজীবী অংশ নিলেও রায় ঘোষণার সময় তাঁদের কেউ উপস্থিত ছিলেন না।
এর আগে সকালে কড়া পুলিশি প্রহরায় কাশিমপুর কারাগার থেকে জেএমবি সদস্য দুই আসামিকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাঁদের আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।