জেএমবির ৫ সদস্যের কারাদণ্ড
গোপালগঞ্জে সিরিজ বোমা হামলার মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার দায় থেকে চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ওই মামলার রায়ে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. গিয়াসউদ্দিন, মো. মিলন খান, হাসান আলী মোল্লা, জিল্লুর রহমান মোল্লা ও জিয়াউর রহমান। এঁদের মধ্যে গিয়াস পলাতক। অব্যাহতি পাওয়া আসামিরা হলেন আনিসুল ইসলাম, রাকিব হাসান, বোরহানউদ্দিন ও আনিসুজ্জামান।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি সৈয়দ শামসুল হক প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একই সঙ্গে বোমা বিস্ফোরণ ঘটান জেএমবির এই জঙ্গিরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক মো. রুহুল ইসলাম।
কৌঁসুলি সৈয়দ শামসুল হক বলেন, ২০১০ সালে মামলাটি গোপালগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ থেকে ঢাকায় পাঠানো হয়। এ মামলায় ৩৪ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।