দিনাজপুরে ইতালির ধর্মযাজক পিয়েরো পারোলারিকে (৫০) হত্যার চেষ্টায় জড়িত জেএমবির সাত সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মো. বজলুর রশিদ গত ৩০ জুন এ অভিযোগপত্র জমা দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, অভিযোগপত্রের ক্রমানুসারে আসামিরা হলেন মো. শরিফুল ইসলাম ওরফে ডেনিশ, মো. সাখাওয়াত হোসেন, রাজিবুল ইসলাম (পিয়েরোর ওপর গুলিবর্ষণকারী), জাহাঙ্গীর আলম ওরফে রাজীব, খালেদ ওরফে খালেক, মো. সরওয়ার হোসেন ওরফে সাবু ও মো. আবদুর রহমান ওরফে পিন্টু। তাঁদের মধ্যে ৩, ৪ ও ৫ নম্বর আসামি পলাতক।
শহরের নাভারা মিশনে কর্মরত পিয়েরো পারোলারিকে গত ১৮ নভেম্বর সকালে সুইহারী বিআরটিসি বাস ডিপোর কাছে রাস্তায় গুলি করে হত্যার চেষ্টা করা হয়। পুলিশ ও দিনাজপুর বিশপ হাউস সূত্র হামলাকারীদের জেএমবি সদস্য বলে চিহ্নিত করে। পিয়েরো অল্পের জন্য বেঁচে যান। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ইতালি ফিরে যান।