জেএমবি-আইএস এক সূত্রে গাঁথা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত দুই মাসে একের পর এক হামলার ঘটনায় আইএসের পাশাপাশি এক দশক আগে নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নতুন করে আলোচনায় এসেছে। জেএমবির একটা অংশ আইএসের হয়ে এ দেশে নতুন মাত্রায় গুপ্ত হামলা বা নাশকতা শুরু করেছে কি না, এমন আশঙ্কার কথাও উঠেছে।
আইএসের নিজস্ব সাময়িকী দাবিক-এর সর্বশেষ সংস্করণে (১৮ নভেম্বর অনলাইনে প্রকাশিত) দুই বিদেশি হত্যাসহ চারটি ঘটনায় আইএসের দায় স্বীকার এবং জেএমবির প্রশংসা ও এর প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানকে ‘শহীদ মুজাহিদ’ আখ্যা দেওয়ায় এ সন্দেহ জোরালো হয়েছে। যদিও দুই বিদেশি ও প্রকাশক হত্যা ছাড়া সাম্প্রতিক বাকি ঘটনাগুলোতে জেএমবি জড়িত বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।
এদিকে ইরাক-সিরিয়াভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসের অস্তিত্ব এ দেশে আছে কী নেই, সেই বিতর্কও নতুন মাত্রা পেয়েছে। সর্বশেষ গত শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনোভাবে এ দেশে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।’ ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশে আইএসের কোনো কার্যকলাপ বা অস্তিত্ব নেই। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।’
তবে ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, ব্লগার হত্যার বাইরে দেশে নতুন করে নাশকতা শুরু হয় গত ৪ সেপ্টেম্বর থেকে। ওই দিন চট্টগ্রামে কথিত ল্যাংটা ফকির রহমতউল্লা ও তাঁর খাদেমকে জবাই করে খুন করে দুর্বৃত্তরা। সেই থেকে এ পর্যন্ত ১৪টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই বিদেশি হত্যার বিষয়ে সরকারের দাবি মেনে নিলে বাকি থাকে ১২টি ঘটনা। এর মধ্যে ১১টিতেই জেএমবির সম্পৃক্ততার কথা আসছে। এ নিয়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদেরও খুব একটা দ্বিমত নেই। আর প্রকাশক ফয়সাল আরেফিন (দীপন) হত্যাকে ব্লগার হত্যার ঘটনায় এখন পর্যন্ত আনসারুল্লাহ বাংলাটিম বা ওই মতাদর্শের কোনো গোষ্ঠীকেই সন্দেহ করা হচ্ছে।
জেএমবির অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলা করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার আগ পর্যন্ত জেএমবির নাশকতার একটা বড় লক্ষ্যবস্তু ছিল মাজার, পীর, খানকা, ওরস ও ধর্মীয় ভিন্ন মতবাদের ব্যক্তিরা। এক দশক পর তারা আবার একই ধরনের লক্ষ্যবস্তুতে আক্রমণের মধ্য দিয়ে সক্রিয় হলেও কিছুদিনের মধ্যেই তাদের আক্রমণে নতুন মাত্রা পায়। আর তা হলো খ্রিষ্টান ধর্মযাজক এবং শিয়া ও বাহাই সম্প্রদায়ের ওপর আক্রমণ। আর ইরাক-সিরিয়ায় আইএসের মূল লড়াইও শিয়াদের বিরুদ্ধে। আবার প্যারিসে আক্রমণের মধ্য দিয়ে আইএস তাদের লড়াই যে ইরাক-সিরিয়ার বাইরেও ছড়িয়ে দিতে চাইছে, সেটাও পরিষ্কার।
এর আগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে পুলিশের প্রিজন ভ্যানে ঝটিকা আক্রমণ চালিয়ে এবং এক পুলিশকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তাদের একজন হাফেজ মাহমুদ ওই রাতে ধরা পড়ে ক্রসফায়ারে নিহত হলেও গুরুত্বপূর্ণ দুজন সালাহউদ্দিন ওরফে সালেহীন ও বোমা মিজান এখনো ধরাছোঁয়ার বাইরে।
তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, জেএমবি দুই বছর আগে খুলনা থেকে গুপ্তহত্যা শুরু করে। ২০১৩ সালের ৮ আগস্ট খুলনার খালিশপুরে উম্মুল মোমেনিন দাবিদার কথিত ধর্মীয় নেতা তৈয়বুর রহমান ও তাঁর কিশোর ছেলেকে জবাই করে হত্যা করা হয়। ওই বছরের ২১ ডিসেম্বরে ঢাকায় ইমাম মাহদীর প্রধান সেনাপতি দাবিদার লুৎফর রহমানসহ ছয়জনকে ও গত বছরের আগস্টে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়। এর মধ্যে লুৎফরসহ ছয় হত্যায় তরিকুল ইসলাম নামের জেএমবির একজন জঙ্গি গত শুক্রবার ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুটি ঘটনায়ও জেএমবি মূল সন্দেহে।
এরপর গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে কথিত ল্যাংটা ফকির রহমতউল্লা ও তাঁর খাদেমকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায়ও জেএমবি জড়িত বলে পুলিশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
দেশে নতুন মাত্রায় হত্যাকাণ্ড শুরু হয় ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার মধ্য দিয়ে। এই হত্যার পরপর টুইটারে আইএসের নামে দায় স্বীকার করা হয়। মূলত এরপরই দেশে আইএসের অস্তিত্ব থাকা না-থাকা নিয়ে বিতর্ক শুরু হয়। যদিও তার আগ পর্যন্ত আইএসের ‘সমন্বয়ক’, ‘রিক্রুটার’ বা ‘সদস্য’ দাবি করে অনেককে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হলেও তখন তা নিয়ে সরকারের কেউ প্রশ্ন তোলেনি।
তাবেলা হত্যার পাঁচ দিনের মাথায় ৩ অক্টোবর একই কায়দায় রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা এবং আইএসের দায় স্বীকারের পর সরকারের পক্ষ থেকে আইএসের কথিত দাবিকে আরও জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয় এবং এসব হত্যার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করা হয়। উভয় ঘটনায় বিএনপি-সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
এরপর ৪ অক্টোবর ঈশ্বরদীতে খ্রিষ্টান যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা ও পরদিন ঢাকায় খিজির খানকে তাঁর খানকায় জবাই করে হত্যা করা হয়। ২২ অক্টোবর ঢাকার দারুস সালামের তল্লাশিচৌকিতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লাকে হত্যা, পরদিন আশুরার রাতে ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনি দালানে বোমা হামলা করে। ৩১ অক্টোবর আজিজ মার্কেটে প্রকাশক ফয়সাল আরেফিনকে হত্যা করা হয়। একই দিন লালমাটিয়ায় আরেক প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরীসহ তিন জনকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এরপর ৪ নভেম্বর আশুলিয়ায় তল্লাশিচৌকিতে এক পুলিশ সদস্যকে হত্যাসহ একই দিন দিনাজপুরে ইতালীয় ধর্মযাজককে, ৮ নভেম্বর রংপুর শহরে বাহাই কেন্দ্রের পরিচালক রুহুল আমিন ও ১২ নভেম্বর সৈয়দপুরে প্রতীকী কারবালায় শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়। তার আগে ১০ নভেম্বর রংপুরের কাউনিয়ায় এক মাজারের খাদেমকে হত্যা করে। সর্বশেষ ২৬ নভেম্বর বগুড়ায় শিয়া মসজিদে হামলা হয়।
এসব হামলার দুটি দিক আছে। একটি হলো মাজার, খানকাকেন্দ্রিক হামলা, যা জেএমবির আদি লক্ষ্যবস্তু। অপর দিকটি হলো বিদেশি নাগরিক হত্যা, খ্রিষ্টান ধর্মযাজক ও শিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ। এর মধ্যে জেএমবির আদি লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাগুলোর বিষয়ে আইএসের পক্ষ থেকে বা আইএসের নামে দায় স্বীকার করেনি।
আইএস যেসব ঘটনায় দায় স্বীকার করেছে, সেসব বিষয়ে তাদের নিজস্ব সাময়িকী দাবিক-এ তাদের মত করে ব্যাখ্যাও দিয়েছে। যেমন: তাবেলা সিজারকে বলেছে ‘ক্রুসেডার’। তাবেলা চার্চভিত্তিক এনজিওতে কাজ করতেন। আর কুনিও হোশির বিষয়ে বলছে, তিনি জাপানি নাগরিক। যুক্তরাষ্ট্রের সহযোগী জাপানের নাগরিকদের যেখানে পাওয়া যাবে, সেখানে হত্যা করা ও দেশটির স্বার্থহানি করবে আইএস। শিয়াদের ‘রাফিজা’ (প্রত্যাখ্যানকারী) আখ্যা দিয়ে পুরান ঢাকায় আশুরার রাতে হোসেনি দালানে হামলা করার দাবি করেছে আইএস। যদিও বাংলাদেশের পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে, তারা হোসেনি দালানে হামলায় নেতৃত্বদানকারী জঙ্গিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই জেএমবির সদস্য।
দুই বিদেশি হত্যাসহ আইএসের সাময়িকীতে এসব দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই প্রতিবেদককে বলেছেন, ‘এ দেশে আইএস বলে কিছু নেই। ইতালির নাগরিক তাবেলাকে বিএনপির নেতা কাইয়ুম তার ভাইকে দিয়ে শুটার ভাড়া করে হত্যা করেছে। এসব ঘটনা যারা ঘটাচ্ছে, তারাই আইএসের নামে এসব প্রচার করছে। যারা একাত্তরের পরাজিত শক্তি, তারাই জেএমবি, তারাই আইএস।’
আর ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, জেএমবি নাশকতা করে আন্তর্জাতিক সংগঠনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তারা আইএস বা কারও আনুগত্য স্বীকার করেছে কি না, তা জানা যায়নি। ঘটনার পর যে কয়টি দায় স্বীকার করা হয়েছে, তা বাংলাদেশ থেকেই।
জেএমবির কার্যক্রমের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ করছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (তদন্ত) মো. নুর খান। তাঁর পর্যবেক্ষণ হলো, এ দেশের উগ্রপন্থীদের মধ্যে আইএসের মতাদর্শের প্রতি সমর্থন করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে এটা পরিষ্কার যে, জেএমবি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আর সংগঠনটি কোনোভাবে আইএসের সঙ্গে যোগাযোগ স্থাপন বা তাদের হয়ে নাশকতা চালাচ্ছে কি না কিংবা আইএসের দৃষ্টি আকর্ষণের জন্য সক্রিয় কি না, সে সন্দেহ বা প্রশ্নও সামনে এসেছে।
জঙ্গি দমন-সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জেএমবি কার নেতৃত্বে নতুন করে মাঠে নেমেছে, সে বিষয়ে এখনো তাঁরা অন্ধকারে। আর দাবিক-এর নিবন্ধে যে বলা হয়েছে, বাংলাদেশের মুজাহিদরা একজন নেতা নির্বাচন করে সংগঠিত হয়েছেন। ওই নেতা আর জেএমবির বর্তমান নেতা একই ব্যক্তি কি না এবং দেশে একের পর এক এসব ঘটনা বড় কোনো ঘটনার ক্ষেত্র তৈরি করছে কি না, সেটাও আঁচ করতে পারছেন না গোয়েন্দা কর্মকর্তারা। আবার সরকার যে ষড়যন্ত্রের কথা বলছে, গোয়েন্দা অনুসন্ধানে সেটাও বিবেচনায় রাখতে হচ্ছে বলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন।