জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধে মা ও ছেলে আহত
রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম রক্তছড়িতে গত শনিবার সকালে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের ‘বন্দুকযুদ্ধে’ মা-ছেলে আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উচামং মারমার স্ত্রী আওয়া মারমা (২৯) ও ছেলে অংখ্যইচিং মারমা (১৩)।
অপর দিকে বন্দুকযুদ্ধে উভয় পক্ষে তিনজন নিহত হওয়ার খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হলেও জনসংহতি ও ইউপিডিএফ গুজব বলে জানিয়েছে।
ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম চৌধুরী বলেন, ‘রক্তছড়ি এলাকাটি চট্টগ্রামের রাউজান ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী। সেখানে বন্দুকযুদ্ধের সময় মা-ছেলে আহত হয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’ কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বড়ুয়া বলেন, বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে মা-ছেলে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘বিকাশ তঞ্চঙ্গ্যা নামে আমাদের যে কর্মী মারা গেছে বলে গুজব রটেছে, তার সঙ্গে কথা হয়েছে। জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা তাকে গুলি ছুড়ে ধাওয়া করার সময় স্থানীয় দুজন আহত হয়েছে। আমাদের কোনো কর্মী হতাহত হয়নি।’
জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘বন্দুকযুদ্ধের খবর শুনেছি। তবে হতাহতের কোনো সঠিক তথ্য পাইনি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ইউপিডিএফের কর্মী বিকাশ তঞ্চঙ্গ্যা এক পাড়া থেকে আরেক পাড়ায় যাওয়ার সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় বিকাশ দৌড়ে পালানোর সময় দুর্বৃত্তরা গুলি ছুড়ে ধাওয়া করতে থাকে। এতে মা-ছেলে আহত হন।