খাগড়াছড়ির দীঘিনালায় ৩১ মার্চ উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। আদিবাসী অধ্যুষিত এই উপজেলায় এবার পাহাড়ের আঞ্চলিক দলগুলোর চেয়ারম্যান প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। গত সংসদ নির্বাচনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রার্থী দীঘিনালার কেন্দ্রগুলোতে ভালো ভোট পেয়েছেন। অপরদিকে জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থিত প্রার্থী গতবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ কারণে এই দুই দলের প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী।
এই উপজেলায় নয়জন প্রার্থী এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম, ইউপিডিএফের সমর্থন নিয়ে নির্বাচন করছেন নব কোমল চাকমা, জেএসএসের সমর্থন নিয়ে নির্বাচন করছেন চয়ন বিকাশ চাকমা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ার্যামান ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ধর্মবীর চাকমা, জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ও জেলা বিএনপির প্রচার সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা।
১৩ মার্চ প্রতীক বরাদ্দের পর দীঘিনালায় নির্বাচনের প্রচারণা শুরু হয়। মেয়র পদে সব প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। তবে গেলবারের সংসদ নির্বাচনে দীঘিনালায় সব চেয়ে বেশি ভোট পেয়েছেন ইউপিডিএফ-সমর্থিত প্রার্থী প্রসিত বিকাশ খীশা। সংসদ নির্বাচনে দলের এই সাফল্যে চাঙ্গা উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের মতে নির্বাচনে ইউপিডিএফের প্রার্থীই জিতবেন।
অপরদিকে, মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন জেএসএসের (এমএন লারমা) কর্মী-সমর্থকেরাও। গত উপজেলা নির্বাচনে দীঘিনালা থেকে জেএসএস-সমর্থিত প্রার্থী ধর্মবীর চাকমা জয়ী হয়েছিলেন। এবার ধর্মবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জেএসএসের প্রার্থী চয়ন বিকাশ চাকমা বিজয়ী হবেন বলে কর্মী-সমর্থকদের বিশ্বাস।
প্রচারণায় আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। তাঁরা জানান, গতবার উপজেলা নির্বাচনে তাঁদের প্রার্থী মাত্র ১৮৩ ভোটে পরাজিত হয়েছিল। প্রচারণার মাধ্যমে ভোটের ফলাফল এবার তাঁরা নিজেদের অনুকূলে আনবেন বলে আশা করছেন।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছেন দলীয় প্রার্থীর পক্ষে। তাঁরা জানান, দলের স্থানীয় নেতা ওয়াদুদ ভুইয়ার সমর্থন নিয়ে তাঁদের প্রার্থী নির্বাচন করছেন। ওয়াদুদ ভূইয়ার জনপ্রিয়তার কারণে তাঁদের প্রার্থী নির্বাচনে ভোটারদের সমর্থন পাবেন।
উপজেলার সর্বত্র এখন প্রার্থীদের প্রচারণায় মুখর। এলাকার সব স্থানে চোখে পড়ছে প্রার্থীদের প্রতীকসংবলিত পোস্টার। চলছে মাইকে প্রচারণা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও গণসংযোগ করতে দেখা যাচ্ছে প্রার্থীদের।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ জানান, এবার চেয়ারম্যান পদে নয়জন, পুরুষ ভাইস চেয়াম্যান পদে চারজন নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রন্দ্বিন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। উপজেলার ২৫টি ভোটকেন্দ্রে এবার ভোট দেবেন ৬৫ হাজার ৮৭৪ জন ভোটার।
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা উপজেলা নির্বাচনে সংগঠনের অবস্থান সম্পর্কে বলেন, ‘সংসদ নির্বাচনের ফলাফল আমাদের কর্মীদের উজ্জীবিত করেছে। আমরা কারও সঙ্গে সমঝোতা করব না। ভোটে আমাদের প্রার্থীই জিতবে।’ জেএসএসের (এম.এন লারমা) দীঘিনালা উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, সংসদ নির্বাচনের ভোটের ফল আর স্থানীয় নির্বাচনের ভোট এক জিনিস নয়। সংসদ নির্বাচনে আমরা জোড়ালোভাবে মাঠে নামিনি। কিন্তু উপজেলা নির্বাচনে প্রচারণা চলছে। আমরা আমাদের সমর্থীত প্রার্থীকে বিজয়ী করতে সবাই মাঠে নামব।’ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোহাম্মদ কাশেম বলেন, দলের পক্ষ থেকে সমর্থন দিনে নির্বাচন করছি। জয়-পরাজয় নির্ধারণ করবেন জনগণ।’