জেএসএস-ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ১
খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় গতকাল শুক্রবার সকালে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম পপুজয় তঞ্চঙ্গ্যা ওরফে পরেশ (৩০)। তিনি ইউপিডিএফের সদস্য। আহত জনসংহতি সমিতির কর্মী শান্ত চাকমা (২৫) ও আনন্দ চাকমাকে (২৯) মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম কুমারী এলাকার খাল্যাচর পাড়ায় আঞ্চলিক দল জনসংহতি সমিতি ও ইউপিডিএফের সদস্যদের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এলাকাটি খুবই দুর্গম। রাস্তাঘাট নেই, জনবসতিও কম। তখনো পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছেননি। তবে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে উদ্ধার হওয়া আহত দুই ব্যক্তির তথ্য অনুযায়ী পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় যান।