মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে আদিবাসী গ্রামে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট।
শনিবার ও গতকাল রোববার সংগঠন দুটি পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। শনিবার সন্ধ্যায় জেএসএস (এমএন লারমা) পক্ষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে।
জেএসএস (এমএন লারমা) পক্ষের সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসএসের সহসভাপতি নরেশ চাকমা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জ্ঞান চাকমা প্রমুখ।
অপরদিকে গতকাল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) হামলার ঘটনার প্রতিবাদে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা ডিগ্রি কলেজ মোড় এলাকায় সমাবেশ করে।
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের আহ্বায়ক সুজন চাকমা, যুবনেতা জীবন চাকমা, পিসিপির কলেজ শাখার সাধারণ সম্পাদক রুপেশ চাকমা ও সহসাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা প্রমুখ। বক্তারা অবিলম্বে মাটিরাঙ্গায় আদিবাসী গ্রামে হামলাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, আদিবাসীদের জীবনের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।