জেএসএস নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বাস টার্মিনাল-সংলগ্ন বাবুপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এম এন লারমা) নেতা স্বপন কুমার ত্রিপুরা (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জেএসএসের পক্ষের উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক। স্বপন কুমার ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য জেএসএসের সন্তু পক্ষকে দায়ী করেছে জেএসএসের এম এন লারমা পক্ষ। সন্তু পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ও গুলিবিদ্ধ নেতার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে স্বপন ত্রিপুরা বাস টার্মিনাল এলাকায় তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। বাবুপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর ওপর গুলি চালায়। জেএসএসের এম এন লারমার পক্ষের উপজেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা বলেন, সন্তু পক্ষের লোকজন স্বপন ত্রিপুরাকে হত্যার জন্য তাঁর ওপর গুলিবর্ষণ করেছে। তাঁর দাবি, ‘এর আগেও আমাদের কয়েকজন নেতাকে এভাবে গুলি করে হত্যা ও আহত করেছে সন্তু পক্ষের লোকজন।’ জেএসএসের (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘটনার সঙ্গে সন্তু পক্ষের সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, জেএসএসের (এম এন লারমা) পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ঘটনাগুলো ঘটছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে।