জেএসডির আলোচনায় নানা মত
তৃতীয় শক্তি, প্রধান শক্তি, না বিকল্প শক্তি—এ নিয়ে ভিন্ন ভিন্ন মত। আবার দুই প্রধান দলের সংশ্রব একেবারে ছাড়া হবে, নাকি এর মধ্যে যে ভালো তার সঙ্গে থাকতে হবে, তা নিয়েও ভিন্ন কথা। জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ছিল এমন নানা মতের সমাহার। বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর প্রচেষ্টায় থাকা পাঁচ দলের একটি জেএসডি আয়োজিত এই আলোচনায় বাকি চার দল ছাড়াও বাড়তি হিসেবে ছিল জাতীয় পার্টির উপস্থিতি।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নিয়ে প্রধান আলোচক বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বর্তমান সংকটের জন্য দায়ী করলেন ক্ষমতাসীন দলকেই। সাবেক এই রাষ্ট্রপতির মতে, বিএনপির সরকারের চেয়ে এই সরকার চুরি, সন্ত্রাস বেশি করেছে।
তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে আলোচনার আয়োজন হলেও আলোচক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মূল বা জাতীয় শক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দুই দলের মধ্যে কে একটু ভালো, সেই দিকে না তাকানোর জন্য আহ্বান জানালেও সভার আলোচক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বললেন, দেশ দুই ভাগে বিভক্ত। এ সময় তৃতীয় শক্তির চিন্তা করা ভ্রান্তিবিলাস মাত্র। একটি স্রোতোধারায় অবগাহন করতে হবে।
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, আটটি প্রদেশের দাবি করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ তাঁদের এসব দাবি অনুধাবন করতে ব্যর্থ।
সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।