জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ শুরু
অষ্টম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এ দুই পরীক্ষায় ২৭ হাজার ৬১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ এ পাবলিক পরীক্ষা হচ্ছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ১৫ লাখ ৩৭ হাজার ৪২২ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ২৩ হাজার ৬৯১ জন। দুই পরীক্ষায় মোট ছাত্রের সংখ্যা আট লাখ ৬১ হাজার ৭৬৪ এবং ছাত্রীর সংখ্যা নয় লাখ ৯৯ হাজার ৩৪৯। অর্থাৎ ছাত্রের চেয়ে ছাত্রী এক লাখ ৩৭ হাজার ৫৮৫ জন বেশি। দুই হাজার নয়টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে।জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে চার লাখ ৬৪ হাজার ১২৮ জন, রাজশাহীতে এক লাখ ৯৪ হাজার ৬৩২, কুমিল্লায় দুই লাখ ৪৯৫, যশোরে এক লাখ ৯৮ হাজার ৮৩৩, চট্টগ্রামে এক লাখ ২৮ হাজার ১০৪, বরিশালে ৮৫ হাজার ৫২৭, সিলেটে ৯৪ হাজার ২৯০ এবং দিনাজপুর বোর্ডে রয়েছে এক লাখ ৭১ হাজার ৪১৩ জন।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার প্রস্তুতি শেষ করা হয়েছে। এ পরীক্ষার ফলে পাবলিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভীতি কমে যাবে এবং পাসের পর সনদ পেয়ে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। তিনি আরও বলেন, এ পরীক্ষার মাধ্যমে সব শিক্ষার্থীকে বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। আগের মতো আলাদা বৃত্তি পরীক্ষা দিতে হবে না।গতবারের মতো এবারও যারা তিনটি বিষয় পর্যন্ত অকৃতকার্য হবে, তাদের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ থাকছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় অংশ নিয়ে অবশ্যই পাস করতে হবে। এবার প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য গতবারের চেয়ে আরও পাঁচ মিনিট সময় বাড়ানো হয়েছে।এ পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর। শিক্ষামন্ত্রী বলেন, এবার বিদ্যালয়গুলোর (মাধ্যমিক) বার্ষিক পরীক্ষা চার দিন পিছিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। সংবাদ সম্মেলনে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এবার সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রমুখ।